ঈদযাত্রাকে ঘিরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই বাস কোম্পানিকে জরিমানা করা হয়েছে। জরিমানার আওতায় পড়া প্রতিষ্ঠানগুলো হলো মামুন এন্টারপ্রাইজ ও বিলাস পরিবহন।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। অভিযানে গণপরিবহনে অনিয়মের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
র্যাব সূত্রে জানা গেছে, বাসে ভাড়ার তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগে সড়ক পরিবহন আইনে মামুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জিয়াউর রহমানকে ৫ হাজার টাকা এবং বিলাস পরিবহনের স্বত্বাধিকারী আক্তার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে।
সূত্র : সিলেটভিউ২৪