জাতীয় সংসদে স্পিকারকে উদ্দেশ্য করে কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীর একটি মন্তব্য ঘিরে সৃষ্টি হয়েছে হাস্যরসাত্মক পরিবেশ। নিছক মজার ছলে দেওয়া তার বক্তব্যে সংসদজুড়ে হাসির রোল পড়ে যায়।
রোববার (৫ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) নোটিশ পাঠের সময় এ ঘটনা ঘটে।
নোটিশ পাঠের আগে মনিরুল হক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা-নোয়াখালী সড়কের সংযোগস্থলে অবৈধ স্থাপনার বিষয়ে কথা বলতে থাকেন। এ সময় তিনি নোটিশের বাইরে কথা বলতে গেলে স্পিকার তাকে থামিয়ে বলেন,
‘মাননীয় সংসদ সদস্য, আপনি আগেও নির্বাচিত হয়েছিলেন। এ পর্যায়ে আপনি শুধু নোটিশটা পড়বেন।’
স্পিকারের এই মন্তব্যের জবাবে মজার ছলে মনিরুল হক বলেন, ‘‘আপনি নির্দয় মানুষ, কখন যে মাইক বন্ধ করেন ঠিক নাই। আমি জীবনে এত ভয় পাইনি কোথাও, এখন আপনার সামনে দাঁড়ালে যে ভয় লাগে! কথা শেষ করার আগে, মৃত্যুর আগেও মানুষ মুখে একটু পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না।’’
মনিরুল হকের এমন বক্তব্য শুনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসিতে ফেটে পড়েন। তার সঙ্গে সঙ্গে সংসদকক্ষেও হাসির রোল ওঠে।
ঘটনাটি সংসদের আনুষ্ঠানিক পরিবেশে সাময়িক হাস্যরসের আবহ তৈরি করে, যা উপস্থিত সদস্যদের মধ্যেও স্বস্তির মুহূর্ত এনে দেয়।