আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগরীর কেন্দ্রীয় শাহী ঈদগাহে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পরিদর্শন করেছেন সিলেটের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক। এ সময় তাদের সাথে ছিলেন নবনির্বাচিত সরকারের মাননীয় মন্ত্রী এবং সিসিকের সাবেক সফল ও জনপ্রিয় মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল ১১টায় তারা শাহী ঈদগাহ এলাকা পরিদর্শন করেন। এ সময় ঈদের জামাত সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া এসএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ কমিশনার সাংবাদিকদের জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ঈদের নামাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, নগরবাসীর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ঈদের জামাত আয়োজন করা সম্ভব হবে বলে আশা করছে এসএমপি।