শেয়ার করুন

|

নগরকথা ডেস্ক

ঈদ উপলক্ষে ব্যানার–ফেস্টুন না টানানোর আহ্বান সিসিকের

প্রকাশ:

১৩ মার্চ ২০২৬, ০৮:৩৫

শেয়ার করুন

|

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নগরের বিভিন্ন স্থানে শুভেচ্ছা জানিয়ে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড বা সাইনবোর্ড টানিয়ে শহরের সৌন্দর্য নষ্ট না করার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বানের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে ঘিরে শুভেচ্ছা জানানোর নামে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ফুটপাত, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ব্যানার-ফেস্টুন লাগানোর প্রবণতা বাড়ছে। এতে একদিকে নগরের নান্দনিকতা নষ্ট হচ্ছে, অন্যদিকে যান চলাচল ও পথচারীদের চলাফেরায়ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

সিটি প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তুলতে সবার সম্মিলিত সচেতনতা প্রয়োজন। যেখানে-সেখানে ব্যানার বা ফেস্টুন লাগানো হলে শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, সিলেটকে একটি পরিচ্ছন্ন ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা অপরিহার্য।

তিনি আরও জানান, নগরের পরিবেশ ও সৌন্দর্য রক্ষা করা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকেরও দায়িত্ব। তাই ঈদের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে এমন কোনো কার্যক্রম না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি, যাতে নগরের পরিবেশ ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত না হয়।

আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট একটি ঐতিহ্যবাহী ও পর্যটনসমৃদ্ধ শহর। এই শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে সবার দায়িত্বশীল ভূমিকা জরুরি। সবাই মিলে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নান্দনিক সিলেট গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন