বাংলা ওটিটি কনটেন্টের ভিড়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত সংযোজনগুলোর একটি ‘ক্যাকটাস’। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজটি ‘সিন্ডিকেট’ ও ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ ইউনিভার্সকে আরও বিস্তৃত করেছে। বাংলা ব্যান্ডের গান ব্যবহার আর দুই প্রধান চরিত্রকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলে আলোচনায় এখন এই গুণী নির্মাতা।
শিহাব শাহীন আগে থেকেই থ্রিলার ও ক্রাইম ঘরানায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন। সিন্ডিকেট কিংবা ‘মাইসেলফ অ্যালেন স্বপন’-এর মতো কাজ তার উদাহরণ। ‘ক্যাকটাসে’ এসে সেই অভিজ্ঞতা আরও পরিণত ও পরিশীলিত মনে হলো। গল্প, চিত্রনাট্য ও সংলাপ- সবই তার নিজের লেখা, যা পুরো সিরিজটিকে একটি সুসংহত সুর এনে দিয়েছে।
‘ক্যাকটাস’-এর গল্প মূলত এক হ্যাকারকে ঘিরে, যে ধীরে ধীরে একটি বড় রাষ্ট্রীয় সংকটে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে স্পাই-ধর্মী জগতে প্রবেশ করে। প্রযুক্তি, সাইবার থ্রিল এবং গুপ্তচরবৃত্তির মিশেলে তৈরি এই সিরিজে রয়েছে এক ধরনের ‘লোকাল স্পাই ইউনিভার্স’ গড়ে তোলার প্রচেষ্টা- যা বাংলাদেশি কনটেন্টে তুলনামূলকভাবে নতুন।
নির্মাণগত দিক থেকে সিরিজটি বেশ সাসপেন্সে ভরপুর। দৃশ্যধারণ, ব্যাকগ্রাউন্ড স্কোর এবং এডিটিং- সব মিলিয়ে একটি আন্তর্জাতিক মানের আবহ তৈরি করতে পেরেছে। বিশেষ করে থ্রিল ধরে রাখার দক্ষতা দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখে।
সিরিজটির সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে এর কাস্টিং। এই সিরিজে মেহজাবিন চৌধুরীর অ্যাকশন দৃশ্যগুলো এক কথায় চমকে দেওয়ার মতো। আগে যেভাবে তাকে রোমান্টিক বা ড্রামাটিক চরিত্রে দেখা গেছে, এখানে তিনি সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির। জানা গেছে, এই চরিত্রের জন্য তাকে বিশেষভাবে অ্যাকশন ট্রেনিংও নিতে হয়েছে- যা তার পারফরম্যান্সেও স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাকে এই ধরনের আরও চরিত্রে দেখার দাবি তৈরি হয়েছে। প্রীতম হাসান একজন হ্যাকার থেকে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ চরিত্রে রূপ নেওয়ার যাত্রাটা তিনি বেশ বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরেছেন। তার চরিত্রে একটা আর্ক আছে- যা সিরিজের অন্যতম আকর্ষণ। সহ-অভিনয়ে আছেন সালাহউদ্দিন লাভলু, মানস বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশারসহ আরও অনেকে, যারা নিজেদের চরিত্র অনুযায়ী গল্পকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন।
‘ক্যাকটাস’ প্রমাণ করেছে, বাংলাদেশেও মানসম্মত স্পাই-থ্রিলার তৈরি সম্ভব। শক্তিশালী নির্মাণ, ভিন্নধর্মী গল্প এবং চমকপ্রদ পারফরম্যান্স- সব মিলিয়ে এটি শুধু সিন্ডিকেট ইউনিভার্সের সেরা কাজই নয়, বরং সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা বাংলা ওয়েব সিরিজ হিসেবেও জায়গা করে নিতে পারে।
ইউনিভার্স কানেকশন
‘ক্যাকটাস’কে শুধু আলাদা একটি সিরিজ হিসেবে দেখলে ভুল হবে। এটি মূলত শিহাব শাহীনের তৈরি একটি বড় স্পাই/ক্রাইম ইউনিভার্সের অংশ। আগের কাজগুলোর তুলনায় এখানে স্কেল বড়, গল্প আরও পরিণত এবং চরিত্রগুলো বেশি স্তরপূর্ণ। যদিও সিরিজটি সামগ্রিকভাবে শক্তিশালী, কিছু জায়গায় গতি সামান্য ধীর মনে হতে পারে। এছাড়া কিছু চরিত্র আরও গভীরভাবে এক্সপ্লোর করা যেত- বিশেষ করে সাপোর্টিং কাস্ট।
কোথায় দেখবেন
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া এই সিরিজটি স্ট্রিমিং হচ্ছে Chorki-তে, এবং ইতিমধ্যে দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।