আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ পাঁচটি নগরে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। রাজধানী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ কুমিল্লা, রাজশাহী ও সিলেট- এই পাঁচ সিটিতে দলটির মনোনীত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, “দলীয় প্রার্থীদের বাছাইয়ে আমরা সততা, দক্ষতা ও জনসম্পৃক্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। নগর উন্নয়ন ও সেবার মান বাড়াতে আমাদের প্রার্থীরা প্রতিশ্রুতিবদ্ধ।”
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির মনোনয়ন পেয়েছেন আরিফুল ইসলাম আদীব। রাজধানীর এই দুই গুরুত্বপূর্ণ সিটিতে শক্ত অবস্থান গড়ে তুলতেই অভিজ্ঞ ও পরিচিত মুখকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী করা হয়েছে অ্যাডভোকেট তরিকুল ইসলামকে। রাজশাহী সিটি করপোরেশনে মনোনয়ন পেয়েছেন মোবাশ্বের আলী। সিলেট সিটি করপোরেশনে এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজালকে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও বলেন, “নির্বাচনকে আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দেখি। জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম, সৎ ও কর্মক্ষম নেতৃত্ব তুলে ধরাই আমাদের লক্ষ্য। আশা করছি, ভোটাররা পরিবর্তনের পক্ষে রায় দেবেন।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশের বড় পাঁচটি সিটিতে একসঙ্গে প্রার্থী ঘোষণা করে এনসিপি আগেভাগেই নির্বাচনী প্রস্তুতির বার্তা দিয়েছে। এতে করে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হতে পারে। বিশেষ করে ঢাকার দুই সিটি ও সিলেট-রাজশাহীর মতো গুরুত্বপূর্ণ নগরে দলটির প্রার্থীরা কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।
এদিকে নির্বাচন ঘিরে ইতোমধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও তৎপরতা বেড়েছে। প্রার্থী ঘোষণা, জোট সমীকরণ এবং মাঠ পর্যায়ের প্রস্তুতি- সব মিলিয়ে দেশের নগর রাজনীতিতে আবারও উত্তাপ ছড়াতে শুরু করেছে।
নির্বাচন কমিশন এখনো পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা না করলেও সম্ভাব্য সময় ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান শক্ত করতে নানা কৌশল নিচ্ছে। সেই ধারাবাহিকতায় এনসিপির এই প্রার্থী ঘোষণা আগামী সিটি নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।