সরকার গঠনের এক মাস পার হওয়ার আগেই কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড চালু করেছে সরকার। ১০ মার্চ প্রধানমন্ত্রী নিজেই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন।
রাজধানীর বনানীর কড়াইল বস্তির পাশে অবস্থিত টিঅ্যান্ডটি খেলার মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও প্রয়োজনমন্দ পরিবারগুলোর সামাজিক সুরক্ষা জোরদার করার পাশাপাশি তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ কর্মসূচি নিম্নআয়ের ও ক্ষুদ্র পরিবারগুলোর জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে এবং দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাতেও অবদান রাখবে।
পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর জন্য আগামী জুন পর্যন্ত চার মাসের মেয়াদে ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই কার্ডের জন্য নির্বাচিত নারী গৃহপ্রধান যদি অন্য কোনো সরকারি ভাতা বা সহায়তা পেয়ে থাকেন, তবে তা বাতিল বলে গণ্য হবে। তবে পরিবারের অন্যান্য সদস্যরা তাদের চলমান ভাতা বা সহায়তা গ্রহণ করতে পারবেন।