পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী শোভাযাত্রার নাম বদলে এবার নতুনভাবে আয়োজন করা হচ্ছে ‘বৈশাখী শুভাযাত্রা’। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, এতদিন ‘মঙ্গল শোভাযাত্রা’ বা ‘আনন্দ শোভাযাত্রা’ নামে পরিচিত এই আয়োজন এবার নতুন পরিচয়ে উদযাপিত হবে।
মন্ত্রী বলেন, বাংলা নববর্ষ উদযাপনের এই সাংস্কৃতিক আয়োজনকে আরও সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক করতেই নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামের মাধ্যমে উৎসবের সার্বজনীনতা এবং বাঙালির ঐতিহ্যকে আরও বিস্তৃতভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
এদিকে নাম পরিবর্তনের বিষয়টি ঘিরে সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার অনেকেই ঐতিহ্যগত ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন।
প্রতি বছরের মতো এবারও চারুকলা ইনস্টিটিউটকে কেন্দ্র করে বর্ণিল এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। মুখোশ, পাপেট ও নানা প্রতীকী শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হবে বাঙালির সংস্কৃতি, ইতিহাস ও জীবনযাপন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নাম যাই হোক- বাংলা নববর্ষের এই শোভাযাত্রা বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐক্যের অন্যতম বড় প্রতীক হিসেবেই থাকবে।