দেশের ক্রীড়াঙ্গনে বহু কৃতি খেলোয়াড় উপহার দেওয়া সিলেটের স্টেডিয়ামের বর্তমান অবস্থা দেখে হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (১ এপ্রিল) সিলেট সফরে এসে তিনি স্টেডিয়াম পরিদর্শন করেন এবং ব্যবস্থাপনার নানা অসঙ্গতি দেখে ক্ষোভ জানান।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, “সিলেট জাতীয় স্টেডিয়ামে এসে যে অব্যবস্থাপনা দেখলাম, সেটি দুঃখজনক। দ্রুত সংস্কারের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
এ সময় তিনি জানান, খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’- আর তার যাত্রা শুরু হবে সিলেট থেকেই। প্রতিমন্ত্রী বলেন, “আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়াম থেকেই আমাদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন আমাদের প্রধানমন্ত্রী।”
প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেটসহ মোট ৭টি ইভেন্ট থাকবে বলে জানান তিনি। দেশের প্রতিটি জেলা থেকে দলীয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন।
সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী খুদে ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম-ও পরিদর্শন করেন।