সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আওতাধীন সব সড়ক পর্যায়ক্রমে ‘এ’ গ্রেডে উন্নীত করার ঘোষণা দিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে নগরবাসীর জন্য আধুনিক বিনোদন পার্ক স্থাপন, সুপেয় পানির সংকট নিরসন এবং সিলেট নগরীকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (১৬ মার্চ) সকালে সিলেট নগরীর শারদা স্মৃতি ভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিসিকের উদ্যোগে মহানগরের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
মন্ত্রী বলেন, সিলেট নগরীর সার্বিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। সড়ক ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নগরবাসীর জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
সিলেট সিটি করপোরেশনের বর্তমান প্রশাসকের প্রশংসা করে তিনি বলেন, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সিলেটে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।