জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর গণিত বিভাগে এখন শুধু সূত্র আর সমীকরণ নয়, সঙ্গে যোগ হয়েছে বাড়তি এক ‘প্রটেকশন ফর্মুলা’- হেলমেট! ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় শিক্ষার্থীদের মাঝে এমনই ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে।
বুধবার (১ এপ্রিল) সকালে বিভাগের একটি সেমিনার কক্ষে ক্লাস চলাকালে হঠাৎ করেই ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী- তানভীর নিয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান মিতুল আহত হন।
এরপর থেকেই শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় ‘সেফটি অ্যালার্ট’। কেউ কেউ বলছেন, “ক্লাসে ঢুকছি ঠিকই, কিন্তু মনে হচ্ছে যেন কনস্ট্রাকশন সাইটে বসে আছি!” তাই মাথা বাঁচাতে অনেকেই এখন হেলমেট পরে ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছেন।
শিক্ষার্থী নাঈমের ভাষায়, “কখন যে মাথায় কী পড়ে, বলা যায় না- তাই আগে সেফটি, পরে ম্যাথ!”
আরেক শিক্ষার্থী নয়ন ক্ষোভ ঝেড়ে বলেন, “দুই ভাই আহত, কিন্তু ব্যবস্থা নাই! তাই হেলমেট পরে এক্সাম দিতে আসছি- কমপক্ষে মাথাটা তো বাঁচুক!”
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিষয়টি তাদের নজরে আছে। প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী জানান, ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সংস্কারের পরিকল্পনা আগেই নেওয়া হয়েছে। ফলস সিলিংয়ের কারণে আগে ফাটল ধরা পড়েনি, এখন সেগুলো সরিয়ে কাজ শুরু করার প্রস্তুতি চলছে।
তবে শিক্ষার্থীদের দাবি, যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শুরু না হলে ‘হেলমেট সংস্কৃতি’ই হয়তো হয়ে উঠবে জবির নতুন ট্রেন্ড!