হবিগঞ্জের মনতলায় তেলবাহী ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় টানা প্রায় ১৪ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
বুধবার (১ এপ্রিল) রাত থেকে লাইনচ্যুত হওয়া ৫টি ওয়াগন ও একটি গার্ডব্রেক উদ্ধারে কাজ করছে রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন। দুর্ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে ওই রুটে ট্রেন চলাচল।
এ ঘটনায় ইতোমধ্যে সিলেট থেকে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ ও ‘কালনী এক্সপ্রেস’ এবং চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’-এর যাত্রা বাতিল করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, বুধবার রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলভর্তি ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করে শাহপুর এলাকায় পৌঁছালে হঠাৎ করে পাঁচটি ওয়াগন ও একটি গার্ডব্রেক লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর ওয়াগনগুলো থেকে তেল পড়তে শুরু করলে স্থানীয় লোকজন তা সংগ্রহে নেমে পড়ে। পরে ঘটনাস্থলে পৌঁছে বিজিবি লুট হওয়া তেল জব্দ করে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হলে দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।