একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিম-এর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী লোক উৎসব। শুক্রবার (২৭ মার্চ) রাতে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার উজানধল গ্রামের মাঠে উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী।
উৎসবের উদ্বোধনের আগে উজানধল মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাছির চৌধুরী বলেন, “বাউল সম্রাট শাহ আবদুল করিমকে আমি খুব কাছ থেকে দেখেছি। তার গান মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়।”
তিনি আরও বলেন, করিমভক্তদের পক্ষ থেকে উত্থাপিত শাহ আবদুল করিম কমপ্লেক্সসহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হোসেনসহ অনেকে।
আলোচনা সভা শেষে রাতভর উজানধল মাঠে জমে ওঠে গানের আসর। “আগে কি সুন্দর দিন কাটাইতাম”, “আগের বাহাদুরি এখন গেল কই”সহ শাহ আবদুল করিমের জনপ্রিয় গান পরিবেশন করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা।
এদিকে, দুই দিনব্যাপী এই লোক উৎসবকে ঘিরে উজানধল মাঠে করিমভক্তদের ঢলে তা মিলনমেলায় পরিণত হয়েছে। উৎসব উপলক্ষে মাঠের চারপাশে বসেছে শতাধিক দোকান-পাট, যা যোগ করেছে বাড়তি প্রাণচাঞ্চল্য।
উল্লেখ্য, ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন বাউলসম্রাট শাহ আবদুল করিম। দীর্ঘ সংগীতজীবনে তিনি অসংখ্য কালজয়ী গান রচনা করেছেন। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করলেও তার গান ও দর্শন আজও বাঙালির হৃদয়ে সমানভাবে জীবন্ত রয়েছে।