বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পরিচালনায় নতুন পদ্ধতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত সপ্তাহে ছয় দিন ক্লাস কার্যক্রম চলবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন সশরীরে (অফলাইনে) ক্লাস নেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে এই সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনা হতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জোড় ও বিজোড় দিন ভিত্তিতে অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। তবে যেসব ক্লাসে ব্যবহারিক (প্র্যাকটিকেল) কার্যক্রম রয়েছে, সেগুলো সশরীরেই সম্পন্ন করতে হবে।
এছাড়া অফলাইন ক্লাসের দিনগুলোতে শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান নিশ্চিত করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামীকাল বুধবার একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে।
এদিকে, এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা ও শহরাঞ্চলের জন্য প্রযোজ্য হবে কিনা, সে বিষয়েও আলোচনা চলছে। এ বিষয়ে পরবর্তীতে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।