ইফতারের টেবিলে আলুচপ বেশ জনপ্রিয় একটি খাবার। এই আইটেমটি না থাকলে ইফতার যেন জমেই না। তবে অনেকেই বাজার থেকে কিনে আনেন আলুচপ। অথচ অল্প কিছু উপকরণ আর সহজ পদ্ধতিতে ঘরেই খুব কম সময়ে তৈরি করা সম্ভব সুস্বাদু ও মুচমুচে আলুচপ। দেখে নিন রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ
সেদ্ধ আলু – ৩টি (মাঝারি)
পেঁয়াজ কুচি – আধা কাপ
কাঁচামরিচ কুচি – ৩টি
ধনিয়াপাতা – পরিমাণমতো
লবণ – স্বাদমতো
মিশ্রণ তৈরির উপকরণ
বেসন – ১ কাপ
চালের গুঁড়া – ২ টেবিল চামচ
লবণ – সামান্য
হলুদ গুঁড়া – আধা চা চামচ
মরিচ গুঁড়া- আধা চা চামচ
বেকিং পাউডার – এক টেবিল চামচ
পানি – পরিমাণমতো
ভাজার জন্য
সয়াবিন তেল – পরিমাণমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে সেদ্ধ আলু ভালোভাবে চটকে নিন। এরপর এতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়াপাতা, লবণ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।
এরপর আলুর মিশ্রণ থেকে ছোট ছোট বল বা চ্যাপ্টা আকারে চপ তৈরি করে রাখুন। অন্য একটি পাত্রে বেসন, চালের গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে পানি মিশিয়ে মাঝারি ঘন একটি ব্যাটার তৈরি করুন।
চুলায় কড়াই বসিয়ে তেল গরম করুন। এখন আলুচপগুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজুন। চপগুলো বাদামি রঙ ধারণ করলে তুলে নিন।
পরিবেশন
গরম গরম আলুচপ টমেটো সস, ধনিয়াপাতার চাটনি কিংবা তেঁতুলের সসের সঙ্গে পরিবেশন করুন।