ঈদ-যাত্রায় বাড়ি ফেরার হিড়িক। এরই মাঝে দুর্ঘটনা। বগুড়ার ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় ট্রেনের ছাদে থাকা কয়েকজন যাত্রী পড়ে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে যাত্রী নিয়ে চিলাহাটি অভিমুখে যাচ্ছিল নীলসাগর এক্সপ্রেস। পথে ডাকবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ করেই ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাইনচ্যুত বগিগুলো রেললাইন থেকে ছিটকে পড়ে আছে এবং রেললাইনের স্লিপারগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর বগিগুলো অপসারণে সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সান্তাহার রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে রেললাইনের কাজ চলছিল এবং সতর্কতামূলক লাল পতাকা (ফ্ল্যাগ) দেওয়া ছিল। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ট্রেনটি দ্রুতগতিতে আসায় চালক সেটি নিয়ন্ত্রণ করতে না পারায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ছাদে থাকা অনেক যাত্রী লাফ দিয়ে নামতে গিয়ে আহত হন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত অন্তত ৪৭ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এদিকে, এই দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত করে জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।