ইফতারের টেবিলে বেগুনী যেন এক অপরিহার্য খাবার। তবে অনেকের জন্য বেগুনী খাওয়া মানেই এলার্জি বা চুলকানির ঝুঁকি। এমন পরিস্থিতিতে দারুণ একটি বিকল্প হতে পারে পেঁপে ও মিষ্টিকুমড়া দিয়ে তৈরি ‘বেগুনী’। স্বাদে প্রায় একই, কিন্তু স্বাস্থ্যঝুঁকি তুলনামূলক কম। অন্তত যাদের এলার্জির সমস্যা আছে, তাদের জন্য।
উপকরণ
-
কাঁচা পেঁপে অথবা মিষ্টিকুমড়া (পাতলা স্লাইস করা, লম্বালম্বিভাবে) – ১০ টুকরো বা প্রয়োজনমতো
-
বেসন – ১ কাপ
-
চালের গুঁড়া – ৩ টেবিল চামচ
-
লাল মরিচ গুঁড়া – ১ চা চামচ
-
হলুদ গুঁড়া – আধা চা চামচ
-
জিরা গুঁড়া – আধা চা চামচ
-
বেকিং পাউডার – ২ চা চামচ
-
লবণ – স্বাদমতো
-
পানি – প্রয়োজনমতো
-
তেল – ভাজার জন্য
প্রস্তুত প্রণালী
প্রথমে পেঁপে ও মিষ্টিকুমড়ার খোসা ছাড়িয়ে খুব পাতলা করে, লম্বা করে কেটে নিন, যেন বেগুনীর মতো আকার হয়। এরপর একটি বাটিতে বেসন, চালের গুঁড়া, লবণ, হলুদ, মরিচ ও জিরা গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। এতে অল্প অল্প করে পানি দিয়ে মাঝারি ঘন ব্যাটার তৈরি করুন। শেষে বেকিং পাউডার মিশিয়ে দিন, এতে বেগুনী হবে মচমচে।
চুলায় কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করুন। এবার প্রতিটি পেঁপে বা মিষ্টিকুমড়ার স্লাইস ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে ভাজুন, যতক্ষণ না সোনালি রঙ ধারণ করে।
ভাজা হয়ে গেলে তুলে টিস্যুতে রাখুন, যাতে অতিরিক্ত তেল ঝরে যায়।
পরিবেশন
গরম গরম এই বিকল্প ‘বেগুনী’ পরিবেশন করুন ইফতারের টেবিলে। পাশে রাখতে পারেন টক-ঝাল চাটনি বা সস। খেতে গেলে বোঝাই মুশকিল, এটি বেগুন না পেঁপে নাকি মিষ্টিকুমড়া।
যাদের বেগুনে এলার্জি হয়, তাদের জন্য এটি একটি নিরাপদ ও সুস্বাদু বিকল্প। পেঁপে ও মিষ্টিকুমড়া পুষ্টিগুণে ভরপুর, হজমেও সহায়ক। ফলে ইফতারে ভাজাপোড়া খাওয়ার মাঝেও কিছুটা স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা সম্ভব।
ইফতারে নতুন স্বাদ পেতে চাইলে, আজই বানিয়ে ফেলতে পারেন এই ভিন্নধর্মী ‘বেগুনী’।