মধ্যপ্রাচ্যে ঈদের চাঁদ দেওয়া যায়নি। সৌদি আরবেও ঈদ পালিত হবে ২০ মার্চ। তবে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান ১৯ মার্চ, অর্থাৎ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালন করছে। দেশটির বেশ কিছু প্রদেশে ঈদের চাঁদ দেখা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবারই (১৯ মার্চ) শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে ঈদ উদযাপিত হবে।
বুধবার (১৮ মার্চ) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানান ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ফারাহ, হেলমান্দ ও ঘোরসহ কয়েকটি প্রদেশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সাক্ষ্য পাওয়ার পর সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারকে ১ শাওয়াল হিসেবে ঘোষণা দিয়েছে।
ঘোষণার পর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। চাঁদ দেখার ভিত্তিতেই চলতি বছর আফগানিস্তানে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে আফগানিস্তানের সাথে চলমান সংঘাতে ঈদ উপলক্ষে ৫ দিনের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এতে রাজি হয়েছে আফগানিস্তানও।