বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের ক্ষোভের অবসান ঘটাতে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য নিশ্চিত করেছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছে। তিনি জানান, গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই চার্জ পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ হিসেবে পরিশোধ করতে হয়। তবে শুরু থেকেই এই চার্জ নিয়ে প্রশ্ন তুলে আসছিলেন সাধারণ গ্রাহকরা। তাদের অভিযোগ ছিল- মিটারের মূল্য পরিশোধ হয়ে যাওয়ার পরও কেন বছরের পর বছর অতিরিক্ত ভাড়া দিতে হবে।
এই ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার পাশাপাশি বিভিন্ন নাগরিক সংগঠনও আন্দোলন গড়ে তোলে। দীর্ঘদিনের সেই দাবির পরিপ্রেক্ষিতেই সরকার অবশেষে এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে মনে করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, মিটার চার্জ প্রত্যাহার হলে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের মাসিক বিদ্যুৎ ব্যয় কিছুটা কমবে। একই সঙ্গে এটি গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে এবং বিদ্যুৎ সেবার প্রতি আস্থা বাড়াবে বলেও আশা করা হচ্ছে।