মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনায় প্রায় তিন ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস-এর ইঞ্জিনে আগুন লাগে। এতে ট্রেনটি বিকল হয়ে পড়ে।
ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করে শমশেরনগর রেলস্টেশনে নেওয়া হয়। এ বিষয়ে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, উদ্ধার কাজ শেষ হওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে।
এদিকে, এ ঘটনার প্রভাব পড়ে অন্যান্য ট্রেন চলাচলেও। ঢাকাগামী কালনী এক্সপ্রেস নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা দেরিতে চলাচল করে।
ঘটনার কারণে সিলেটগামী কয়েকশ যাত্রী ভোগান্তিতে পড়েন। তবে দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ায় সকাল ৯টার মধ্যেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।