হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার দ্বিগম্বর বাজার এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসটি দ্বিগম্বর বাজার এলাকায় পৌঁছালে একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
খবর পেয়ে বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেন।
এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।