দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী ৫ এপ্রিল (রবিবার) থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, জরুরি পরিস্থিতি মোকাবেলায় Gavi থেকে ২১ দশমিক ৯ মিলিয়ন ডোজ হামের টিকা ধার হিসেবে নেওয়া হচ্ছে, যা পরবর্তীতে ফেরত দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রায় শতভাগ প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ হাম-এর প্রাদুর্ভাব চলতি বছরে উদ্বেগজনক হারে বেড়েছে। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে অর্ধশতাধিক শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যদিও সরকারিভাবে এখনো এ সংখ্যা নিশ্চিত করা হয়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ২৫ জন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন, রাজশাহী, পাবনা ও গোপালগঞ্জে একজন করে এবং বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ৮ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের আটটি বিভাগেই হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকায় (৩৬ দশমিক ২৪ শতাংশ)। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট ও রংপুর বিভাগ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি বাস্তবায়নই পারে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এবং শিশু মৃত্যুহার কমাতে।