কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে হঠাৎ আগুনে মুহূর্তেই পুড়ে অঙ্গার হয়ে যায় বাসগুলোর ভেতরের অংশ।
দুপুর ১টার পর বাসস্ট্যান্ড এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলী দেখে ছুটে যান পরিবহন শ্রমিক ও স্থানীয়রা। গিয়ে দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তাদের চেষ্টায় কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত- তা তদন্ত শেষে নিশ্চিত করা যাবে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনটি বাসের ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে।