শেয়ার করুন

|

ইসরাত জাহান

পহেলা বৈশাখে কেমন পোশাক পরবেন

প্রকাশ:

৬ এপ্রিল ২০২৬, ১৮:২২

শেয়ার করুন

|

এ”সো হে বৈশাখ, এসো এসো…” বছর ঘুরে আবার এলো পহেলা বৈশাখ। বাংলা ক্যালেন্ডারে বছরের প্রথম মাস বৈশাখ। ইংরেজি মাসের ১৪ এপ্রিল বাংলা বৈশাখ মাসের ১ তারিখ। ইংরেজি, আরবি, জাপানি, চীনা- বিভিন্ন জাতিবর্ণের মানুষ যেমন তাদের দেশের অনুষ্ঠানাদি পালন করে, তেমন বাঙালিরাও বাংলা নববর্ষ তথা বৈশাখ মাসের প্রথম দিনটি জাঁকজমকপূর্ণভাবে পালন করে থাকেন।

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। উৎসবটি ঘিরে সারাদিনব্যাপী নানা অনুষ্ঠান পালন করা হয়। গ্রীষ্মের তাপদাহ শুরু হয় বৈশাখ মাস থেকেই। তাই পহেলা বৈশাখের দিনই সম্ভবত থাকতে পারে বছরের সবচেয়ে গরম দিনগুলোর একটি হয়ে। তাই বলে কি মানুষ আনন্দ-উৎসব থেকে দূরে থাকবে? একদমই না।

এবারের পহেলা বৈশাখে দিনভর আনন্দ-উৎসব উপভোগ করতে চাইলে বেছে নিতে পারেন আরামদায়ক পোশাক। পোশাক নির্বাচনের ক্ষেত্রে আবহাওয়ার বিষয়টি মাথায় রাখা জরুরি। যেহেতু পহেলা বৈশাখের মূল থিমই থাকে লাল-সাদা, তাই রঙের ক্ষেত্রে লাল ও সাদা রঙের সুতির কাপড়ই হতে পারে আপনার জন্য সবচেয়ে আরামদায়ক পছন্দ। সুতি কাপড় যেমন ঘাম দ্রুত শুকাতে সাহায্য করে, তেমনি এটি পরতেও সহজ ও সাবলীল।

নববর্ষের সকালে ততটা রোদ না থাকলেও সময়ের সাথে সাথে সূর্যের উত্তাপ বাড়তে থাকে। তাই সকালবেলার বৈশাখী শোভাযাত্রায় যাওয়ার জন্য লাল-সাদা পাড়ের সুতির শাড়ি বেছে নিতে পারেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, বিশেষ করে দুপুর ১২টার পর গরম বেড়ে যায়। সে সময়ের জন্য পাতলা সুতি, ভয়েল বা বাটিকের থ্রি-পিসকে প্রাধান্য দিতে পারেন।

ছেলেদের পোশাক-পরিচ্ছদের ক্ষেত্রেও এখন বৈচিত্র্য দেখা যাচ্ছে। তাদের জন্যও লাল ও সাদা রঙের সুতির পাঞ্জাবি হতে পারে আরামদায়ক পছন্দ। অনেকেই আবার বাঙালি ঐতিহ্য ধরে রাখতে পাঞ্জাবির সঙ্গে রঙিন লুঙ্গি পরছেন।

তবে শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি- যাই হোক না কেন, আপনার পোশাকটি রাখুন হালকা রঙের ও সুতির বুননের। চকমকে রঙ, জরি, লেইস বা ভারী ডিজাইনের জামা-কাপড় স্বস্তির বদলে অস্বস্তি তৈরি করতে পারে। এতে দিনটি উপভোগের বদলে হয়ে উঠতে পারে বিরক্তিকর। তাই পোশাক নির্বাচনে নিজের পছন্দের তালিকায় রাখুন হালকা, পাতলা ডিজাইনের সুতির কাপড়।

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন